
মৌলভীবাজারের
কমলগঞ্জে বাড়ির আঙিনায় সবজি চাষ করতে
গিয়ে বেরিয়ে এলো একটি ভয়ংকর
বিস্ফোরক দ্রব্য—গ্রেনেড! সোমবার (১৪ জুলাই) সকালে
উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে এ ঘটনায় চাঞ্চল্য
ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
স্থানীয়
সুত্রে জানা যায়, সকালে এক
নারী যখন নিজের বাড়ির
আঙিনায় শিম বপনের জন্য
মাটি খুঁড়ছিলেন, তখনই মাটির নিচ
থেকে উঠে আসে একটি
ছোট আকৃতির ধাতব বস্তু।
সেটিকে প্রথমে সাধারণ কিছু ভেবে অবহেলা
করা হলেও, পরে পাশে থাকা
আবু বক্কর নামে এক ব্যক্তি
সেটিকে গ্রেনেড বলে সন্দেহ করে
ছবি তুলে সামাজিক মাধ্যমে
জানিয়ে দেন সবাইকে।

খবর
ছড়িয়ে পড়তেই কমলগঞ্জ থানা-পুলিশ দ্রুত
ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে
ফেলে। যেকোনো
ধরনের দুর্ঘটনা এড়াতে সেটিকে সংরক্ষিত ঘোষণা করা হয়।
এরপর সেনাবাহিনীর বিশেষ বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়,
যারা ঘটনাস্থলে এসে সফলভাবে গ্রেনেডটি
নিষ্ক্রিয় করে।
স্থানীয়রা
ধারণা করছেন, গ্রেনেডটি বহু পুরোনো, সম্ভবত
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের। কারণ,
কাছেই অবস্থিত শমশেরনগর বিমানবন্দর একসময় পাকিস্তানি বাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল। সেসময়
নানা জায়গায় বিস্ফোরক ব্যবহারের প্রমাণ মিলেছিল।
কমলগঞ্জ
থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর
মো. মাহফুজুল কবির বলেন, "খবর
পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে
এসে এলাকা ঘিরে ফেলি।
এরপর সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম এসে গ্রেনেডটি
নিষ্ক্রিয় করে। বর্তমানে
এলাকাটি নিরাপদ।"