
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো কনটেন্ট নির্মাতাদের কাজের স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হয়েছে *‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড–২০২৬’*-এর চূড়ান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পাশাপাশি চূড়ান্তভাবে মনোনীত কনটেন্ট ক্রিয়েটরদেরও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। সাংবাদিক ও সাংস্কৃতিক
ব্যক্তিত্ব পলাশ চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক নাজিম আল কোরাশী রাফাত। এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল
আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী
তুহিন, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মোছাব্বির আলী মুন্না, শ্রীমঙ্গল প্রেসক্লাবের
অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন প্রমুখ।
আয়োজকদের তথ্য
অনুযায়ী, ‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড–২০২৬’-এর
জন্য গত ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন নিবন্ধন কার্যক্রম পরিচালিত
হয়। এরপর যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হয়।
মনোনীতদের মধ্যে ২ মে বিকেল ৫টা থেকে ৬ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ অনুষ্ঠিত
হয়। সেই ভোটের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১১ জন বিজয়ী নির্বাচিত হন।
অনুষ্ঠানে বিজয়ীদের
পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরিতে চূড়ান্তভাবে মনোনীত ও অংশগ্রহণকারী
প্রায় ৭০ জন কনটেন্ট ক্রিয়েটরকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
ন্যাচারাল অ্যান্ড
লাইফস্টাইল ক্যাটাগরিতে বিজয়ী হন ইউসুফ শাহরিয়ার, মো. আল আমিন ইসলাম, ফাহিম আহমেদ,
রোকসানা আফরিন শিমু, তানভীর আহমেদ, শিশির ধর, রাদিয়ান হোসেন ও মো. শহিদ। এন্টারটেইনমেন্ট
অ্যান্ড কমেডি ক্যাটাগরিতে বিজয়ী হন দীপ চক্রবর্তী। ফুড অ্যান্ড রেসিপি ক্যাটাগরিতে
বিজয়ী হন কাজী ফয়সল আহমেদ রিয়াদ এবং আদার্স (অন্যান্য) ক্যাটাগরিতে বিজয়ী হন মো.
ফারহান তানভীর ফাহিম।
পুরস্কার ও
সম্মাননা স্মারক প্রদানের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির বার্তা দিতে অতিথি,
বিজয়ী ও অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে কাঠাল, জাম, নিম ও কৃষ্ণচূড়া গাছের
চারা উপহার দেওয়া হয়। আয়োজকদের এই ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের
প্রশংসা কুড়ায়।
প্রধান আয়োজক
ও ‘চায়ের জনপদ’-এর সম্পাদক ও প্রকাশক মো. তোফায়েল আহমেদ
(পাপ্পু) বলেন, “চায়ের জনপদ একটি স্থানীয় ডিজিটাল মিডিয়া হিসেবে দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের
ইতিবাচক সংবাদ, ঐতিহ্য, পর্যটন ও সম্ভাবনাকে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা
করে আসছে। সেই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক, তথ্যভিত্তিক ও সৃজনশীল
কনটেন্ট নির্মাতাদের উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন। আমরা বিশ্বাস করি, ভালো ও দায়িত্বশীল
কনটেন্ট সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই শ্রীমঙ্গলের
কনটেন্ট ক্রিয়েটরদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি একটি ইতিবাচক কনটেন্ট সংস্কৃতি
গড়ে তোলাই আমাদের লক্ষ্য। প্রথম আয়োজনেই যে সাড়া ও ভালোবাসা পেয়েছি, তাতে আগামীতে
আরও বড় পরিসরে, আরও সুন্দর ও সমৃদ্ধভাবে এই আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে।”
পুরস্কার বিতরণী
শেষে অতিথিরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত
এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটররাও
এই স্বীকৃতিকে তাঁদের ভবিষ্যৎ কাজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।