প্রিন্ট এর তারিখঃ Oct 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 19, 2026 ইং
হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আল-মামুন টিটু

যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বের শ্রীমঙ্গল প্রবাসীদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ৫ আগস্ট লন্ডনে দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত সংগঠনের নির্বাহী সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভাকে ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং পুরো আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
সাধারণ সভায় সংগঠনের বিগত বছরের বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা ও প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সভাপতি আব্দুর রকিব রাজু। একইসঙ্গে সংগঠনের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বিস্তারিত হিসাব-নিকাশ সদস্যদের সামনে তুলে ধরেন ট্রেজারার। সভায় বিগত সময়ের কার্যক্রম নিয়ে আলোচনা, সংগঠনের অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন সদস্যরা।
সভা শেষে বিদায়ী সভাপতি আব্দুর রকিব রাজু সমাপনী বক্তব্যের মাধ্যমে বিগত সেশনের কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। এরপর সংগঠনের সাবেক সভাপতি হারুন অর রশিদ ও জহির উদ্দীন চৌধুরী বাবলু নতুন কমিটি গঠনের দায়িত্ব গ্রহণ করেন। তারা উপস্থিত সদস্যদের সঙ্গে পারস্পরিক পরামর্শ ও মতবিনিময়ের মাধ্যমে একটি খসড়া কমিটি প্রস্তাব করেন। পরে উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত কমিটি গৃহীত ও অনুমোদিত হয়।
২০২৬-২০২৮ সেশনের জন্য ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর সভাপতি নির্বাচিত হয়েছেন কায়েস আজিজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন টিটু। ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজিম উদ্দীন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন এমদাদুল হক জুনেদ ও জাহিদুর রহমান চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হাজী রকিব রহমান মিজান ও আবদুল্লাহ আল মাহবুব তিতাশ। যুগ্ম ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ মঞ্জুর হোসেন চৌধুরী।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেলোয়ার মামুন ও এম ইলিয়াছুর রহমান পাপ্পু। ত্রাণ সম্পাদক হিসেবে রয়েছেন তুফাজ্জল হক মুর্শেদ। মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন শেখ জেসমিন নাহার জাহিদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রশিদ শিপু ও পারভেজ খান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন শাকির আহমেদ।
সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন সংগঠনের সাবেক সভাপতি হারুন অর রশিদ, জহির উদ্দীন চৌধুরী বাবলু ও আব্দুর রকিব রাজু। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী জসিম উদ্দীন দুদু, শেখ মোহাম্মদ আব্দুন নূর ও মানসেল আহমেদ মনসুর।
দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেয়েছে ‘হৃদয়ে শ্রীমঙ্গল’। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও কার্যকরভাবে শ্রীমঙ্গলের মানুষের কল্যাণে এবং শ্রীমঙ্গলের সার্বিক স্বার্থে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সম্মেলনে অংশ নেওয়া সদস্যরা। একইসঙ্গে প্রবাসী শ্রীমঙ্গলবাসীর পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার ক্ষেত্রে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চায়ের জনপদ