কমলগঞ্জ উপজেলার আলিনগর চা বাগানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঝুলন যাত্রা পূজা পরিদর্শনে গিয়ে মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ট শিল্পপতি মো. মহসিন মিয়া মধু বলেছেন— “এ দেশ আপনার-আমার সবার। এ দেশে আমাদের সকলের সমান অধিকার। তাই ভেদাভেদ ভুলে আমরা একে অন্যের হাতে হাত রেখে আগামী দিনগুলোতে চলতে চাই।
আপনারা জানলে খুশি হবেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় আপনাদের খোঁজখবর রাখেন। তিনি চান আপনারা সব সময় ভালো থাকুন। আপনাদের পাশে থাকতে ও আপনাদের খেয়াল রাখতে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন।
আপনারা জানেন, গত ৫ আগস্ট স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আমাদের নেতা তারেক রহমান আমাকে ফোন দিয়ে নির্দেশ দিয়েছেন—আপনাদের পাশে থাকার জন্য, যাতে কেউ আপনাদের কোনো প্রকার ক্ষতি করতে না পারে।”
তিনি আরও বলেন— “আপনারা আমার পরিবারের সদস্য। আমার নিজেরও একটি চা বাগান আছে, আর চা বাগানের একটি প্রথা রয়েছে—সে প্রথা অনুযায়ী আমরা মালিক-শ্রমিক এক পরিবার এবং একে অন্যের অত্যন্ত আপনজন।
বিগত দুর্গাপূজায় দেখেছেন, আপনাদের যেন নির্ভয়ে সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য আমি প্রতিটি পূজা মণ্ডপে উপস্থিত থেকেছি এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি।
গত ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনাদের প্রত্যেকটি পাড়া-মহল্লা ও মন্দিরে গিয়ে আমরা পাহারার ব্যবস্থা করেছি। আমি নিজে রাত জেগে প্রত্যেকটি এলাকায় আমার দলীয় নেতাকর্মী ও আত্মীয়স্বজন নিয়ে পাহারা দিয়েছি।”
বিএনপি নেতা মহসিন মিয়া মধু সতর্ক করে বলেন— “আপনারা খোঁজ নিয়ে দেখবেন, গত ১৭ বছরে আপনাদের দুঃসময়ে যাকে কাছে পাননি এবং এলাকায় আসেনি, তারাই এখন আপনাদের কাছে এসে লম্বা লম্বা কথা বলে আপনাদের প্রিয় হওয়ার চেষ্টা করবে।
মনে রাখবেন, তারা নির্বাচন নামের ‘বসন্তের কোকিল’—নির্বাচন এলেই তাদের দেখা মেলে, নির্বাচন চলে গেলে আর পাওয়া যায় না। তাই ওইসব লোকদের কাছ থেকে সতর্ক থাকতে হবে।
আমার একমাত্র মূলনীতি—শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি। আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”
শুক্রবার (৮ আগস্ট) রাতে নেতাকর্মীদের সাথে নিয়ে আলিনগর চা বাগানে সনাতন ধর্মাবলম্বীদের ঝুলন যাত্রা পূজা মণ্ডপে পৌঁছালে, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান।
এ সময় উপস্থিত ছিলেন—শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও মাদকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পুষ্প কানু, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোছাব্বির, আবুল হোসেন, এম এ রহিম, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও লেমন গ্রুপের চেয়ারম্যান মো. সেলিম মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মীর এম এ সালাম, নজরুল ইসলাম, টিটু দাসসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।