মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে ফুলছড়া চা বাগানের দরিদ্র পরিবারের শিশুদের মাঝে নতুন জামাকাপড় বিতরণ করা হয়েছে। অঙ্গিকার সামাজিক ও সাহিত্য পরিষদ শ্রীমঙ্গলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি ও উপস্থিত ব্যক্তিরা শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন। এ সময় শিশুদের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে এবং আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, সাংবাদিক সঞ্জয় দে, সমাজসেবক এমএ রহিম নোমানী, অঙ্গিকার সামাজিক ও সাহিত্য পরিষদ শ্রীমঙ্গলের সহ-সভাপতি শেখর বৈদ্য কানন, সাধারণ সম্পাদক ছয়ফুর রহমান, সদস্য খালেদ মোশারফ, ফুলছড়া চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কল্যাণ দাশ, টিলা বাবু জন্মেজয় ধর লিটন এবং পঞ্চায়েত সভাপতি বাবু জগবন্ধু।
এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের শিশুদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন উৎসবে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
স্থানীয়রা বলেন, চা বাগানের দরিদ্র পরিবারের শিশুদের হাতে উৎসবের আগে নতুন পোশাক তুলে দেওয়ার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে শিশুদের মুখে যেমন হাসি ফুটেছে, তেমনি দুর্গাপূজার আনন্দও আরও প্রাণবন্ত হয়েছে।