মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির রাজনীতিকে ঘিরে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর একটি বক্তব্যকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে মতামত প্রকাশ এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়ে তার প্রতিবাদ—দুই ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি হাজী মুজিব সিন্দুরখান ও আশিদ্রোণ ইউনিয়নের প্রসঙ্গ টেনে বলেন, ওই দুই ইউনিয়নের কিছু গরিব মানুষকে ৫০০ টাকা করে দিয়ে মিছিলে নিয়ে আসার কথা ছিল। তবে পরে ওই টাকা নিয়ে কোনো ধরনের ঝামেলা হচ্ছে বলে তিনি শুনেছেন—এমন বক্তব্য দেন তিনি।
এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক সংশ্লিষ্টদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বক্তব্যটির নির্দিষ্ট অংশ তুলে ধরে সমালোচনা করছেন, আবার কেউ বলছেন, বক্তব্যটি পুরোপুরি শুনলে বোঝা যায়—এখানে দুই ইউনিয়নের সব মানুষকে বোঝানো হয়নি; বরং ‘কিছু গরিব মানুষ’-এর প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।
এ নিয়ে এমপি হাজী মুজিবের সমর্থকদের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। তাদের দাবি, ভিডিওতে এমপির বক্তব্য স্পষ্ট রয়েছে এবং বক্তব্যের একটি অংশ আলাদা করে প্রচার করে বিভ্রান্তি তৈরি করা উচিত নয়। সচেতনভাবে পুরো বক্তব্য শুনে বিষয়টি মূল্যায়নের আহ্বানও জানানো হয়েছে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে হাজী মুজিবের রাজনৈতিক অবস্থান ও আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার সঙ্গে তাঁর যোগাযোগ নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। বিশেষ করে অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনে কেউ কেউ বর্তমান সময়ে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে তাঁর যোগাযোগ ও একসঙ্গে চলাফেরার বিষয়টি রাজনৈতিকভাবে ব্যাখ্যা করছেন।
এ ধরনের পোস্টে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কয়েকজন সাবেক নেতা ও ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে এমপি হাজী মুজিবের ছবি বা উপস্থিতির বিষয় তুলে ধরে নানা মন্তব্য করা হয়েছে। তবে এসব যোগাযোগের রাজনৈতিক বা সাংগঠনিক ব্যাখ্যা নিয়ে সংশ্লিষ্টদের পৃথক বক্তব্য পাওয়া না গেলে এর চূড়ান্ত ব্যাখ্যা দেওয়া কঠিন।
এর মধ্যেই শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে মো. তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির সিদ্ধান্ত স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে আলোচনার আরেকটি বিষয় হয়ে উঠেছে।
গত ২০ আগস্ট শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে তাজ উদ্দিন তাজু তাঁর অব্যাহতির সিদ্ধান্তকে ‘অন্যায়, অগঠনতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন। একই সঙ্গে তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
লিখিত বক্তব্যে তাজ উদ্দিন তাজু তাঁর দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড, বিভিন্ন সময়ে মামলা ও কারাভোগের কথা তুলে ধরেন। তাঁর দাবি, ২০০৯ সালের ৫ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে ৩০টির বেশি মামলা হয় এবং এসব মামলায় তাঁকে প্রায় ৭২০ দিন কারাভোগ করতে হয়েছে।
অব্যাহতির প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, তাঁকে কারণ দর্শানোর সুযোগ না দিয়েই জেলা বিএনপির কাছে অব্যাহতির সুপারিশ করা হয় এবং পরবর্তীতে জেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে অব্যাহতির চিঠি দেওয়া হয়।
তাজ উদ্দিন তাজু আরও দাবি করেন, গত সংসদ নির্বাচনের আগে পর্যন্ত তিনি এমপি হাজী মুজিবুর রহমান চৌধুরীর সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে কাজ করেছেন। তবে নির্বাচনের দুই-তিন সপ্তাহ আগে দলীয় কিছু বিষয় ও ব্যক্তিগত আর্থিক দেনা-পাওনা নিয়ে মতবিরোধের পর তাঁকে বিভিন্ন কার্যক্রম থেকে দূরে রাখা হয় বলে দাবি করেন তিনি।
তাঁর অভিযোগ, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা বিরোধের প্রভাব সাংগঠনিক সিদ্ধান্তে পড়লে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হতে পারে। একই সঙ্গে তিনি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনে গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের দাবি জানান।
অন্যদিকে, এমপি হাজী মুজিবের সমর্থক বিএনপি নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতে তাঁকে শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়ন ও গণমানুষের প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত একজন নেতা হিসেবে তুলে ধরা হচ্ছে।
এসব পোস্টে মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং দলের নাম ব্যবহার করে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে এসব পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের ক্ষেত্রে শালীনতা ও দায়িত্বশীলতার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শ্রীমঙ্গলের বর্তমান পরিস্থিতিকে শুধুমাত্র একটি বক্তব্য বা একটি সাংগঠনিক সিদ্ধান্ত দিয়ে দেখলে পুরো চিত্রটি পাওয়া যাবে না। একদিকে নতুন নেতৃত্বকে ঘিরে প্রত্যাশা, অন্যদিকে দীর্ঘদিনের নেতাকর্মীদের অবস্থান, সাংগঠনিক কমিটি গঠন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্য—সব মিলিয়েই স্থানীয় বিএনপির রাজনীতিতে এক ধরনের চাপ ও আলোচনার পরিবেশ তৈরি হয়েছে।
তবে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন ব্যক্তিগত বিরোধে রূপ না নেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অসম্পূর্ণ বক্তব্য বা যাচাই-বাছাইহীন তথ্যের কারণে বিভ্রান্তি তৈরি না হয়—এমন প্রত্যাশাই এখন সাধারণ নেতাকর্মী ও সচেতন মহলের।
শ্রীমঙ্গল-কমলগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এমপি হাজী মুজিবের নেতৃত্বে উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দলের দীর্ঘদিনের নেতাকর্মীদের মধ্যে সমন্বয়, পারস্পরিক আস্থা এবং গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণও আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সব পক্ষের বক্তব্য ও অবস্থানকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক মতপার্থক্যকে সাংগঠনিক আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হলে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ ঐক্য আরও সুদৃঢ় হতে পারে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।