মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গৃহবধূ সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নাসীর মিয়া, নিহতের সৎভাই বিলাল মিয়া, গিয়াস মিয়া ও দুলাল মিয়া।
এ ছাড়া মামলার অন্যান্য ধারায় আরও দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মহিবুর রহমান অমৃতকে ভিকটিমের মা ও মামলার বাদী মায়া বেগমকে গুরুতর জখম করার অপরাধে দণ্ডবিধির ৩২৬ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, সেলিনা বেগমকে আঘাত করার অপরাধে জয়নাল মিয়াকে দণ্ডবিধির ৩২৩ ধারায় এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় হুকুমদাতা হিসেবে অভিযুক্ত আবুল বাশারসহ আলী ইসলাম, হাসি বেগম, জাভেদ ও নাজমীন বেগমসহ অন্যান্য আসামিকে আদালত খালাস দিয়েছেন।
জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল দুপুরে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব লইয়ারকুল (স্কুলঘর) এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন জয়নাল মিয়ার স্ত্রী সাবানা বেগম। অভিযোগ অনুযায়ী, তাঁর সৎভাই ও স্বজনদের হাতে তিনি ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।
এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করা হয়।
মন্তব্য করুন