খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও প্রয়োজনীয় সামগ্রী ও খেলার মাঠের অভাবে নিয়মিত খেলাধুলা করতে পারছিল না মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া আলুবাড়ি গারো পল্লীর একটি নারী ফুটবল দল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের নজরে এলে তাদের পাশে দাঁড়ান তিনি। এরই ধারাবাহিকতায় আজ র্যানার স্কুল অ্যান্ড কলেজ মাঠে দলটির সদস্যদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় খেলাধুলার সামগ্রী। দীর্ঘদিন পর খেলাধুলার সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দলের খেলোয়াড়রা। তাদের মধ্যে আনন্দের পাশাপাশি নতুন করে খেলাধুলার আগ্রহ তৈরি হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই তাদের জন্য একটি খেলার মাঠের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। তিনি মনে করেন, খেলাধুলার সুযোগ বাড়লে তরুণীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখাও সম্ভব হবে।