মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি. নং চট-১২২৩) শ্রীমঙ্গল উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন মো. দেলোয়ার হোসেন দুলাল। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে জয় নিশ্চিত করে টানা চতুর্থবারের মতো দায়িত্ব পেয়েছেন মিছির আলী।
রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। ভোট গণনা শেষে মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়।
সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন মো. দেলোয়ার হোসেন দুলাল। তিনি ১ হাজার ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী শামীম হাসান টুলু আনারস প্রতীকে পান ২১০ ভোট। ফলে সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৮৪৪।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জমে ওঠে হাড্ডাহাড্ডি লড়াই। মোরগ প্রতীকে মিছির আলী ৫০৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইছুব মিয়া ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৬৩ ভোট। মাত্র ৪৬ ভোটের ব্যবধানে জয়ী হয়ে আবারও সাধারণ সম্পাদকের দায়িত্ব নিজের করে নেন মিছির আলী।
নির্বাচনের ফলাফলে সভাপতি পদে দেলোয়ার হোসেন দুলালের নিরঙ্কুশ বিজয় এবং সাধারণ সম্পাদক পদে মিছির আলীর স্বল্প ব্যবধানে জয় শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভিন্ন চিত্র তুলে ধরে। একদিকে বড় ব্যবধানে জয়, অন্যদিকে শেষ পর্যন্ত ভোটের ব্যবধানে নির্ধারিত হয় সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থীর নাম।
নির্বাচনকে কেন্দ্র করে শ্রীমঙ্গলের পরিবহন শ্রমিকদের মধ্যে দিনভর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে ত্রি-বার্ষিক নির্বাচনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন